গগন হরকরার গান নিয়ে শিল্পী সালাউদ্দিন শীতলের কোথায় পাব তারে শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছে প্রোডাকশন হাউস জি-সিরিজ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবির হাটে এর মোড়ক উন্মোচন করেন সঙ্গীত শিল্পী ফাহ্মিদা নবী।
গগন হরকরার এই গানটির সুরের ওপর ভিত্তি করেই রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে আমার সোনার বাংলা গানটির সুর করেন।
শীতল জানিয়েছেন, প্রায় গগন হরকরা’র দু’শ বছরের পুরনো কালজয়ী গানগুলো দর্শকের সামনে প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে। শ্রোতা এই গানগুলোর মাধ্যমে জানতে পারবেন তার চিন্তা কতো গভীর ছিলো।
অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যালবামে গগন হরকরার, আমি কোথায় পাব তারে গানটিসহ মোট ৮টি গান রয়েছে। এছাড়া রয়েছে ফকির লালন সাঁইয়ের ৪টি গান। অ্যালবামটির মিউজিক কম্পোজিশন করেছেন পঞ্চম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার, অ্যালবামের মিউজিক ডিরেক্টর পঞ্চম, জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া প্রমুখ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/ওএস/এইচবি/মে ২৩/১২